নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার নরসিংদী যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি ১৮ দলীয় জোটের আয়োজনে জনসভায় ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে বিএনপির ঘোষিত জনসভা কর্মসূচি শুরু হচ্ছে।

প্রায় ২১ বছর পর ঢাকার পার্শ্ববর্তী এ জেলায় বিএনপি-প্রধানের আগমনকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। এ নিয়ে নরসিংদীর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রোববার বেলা ৩টায় ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী পৌর শিশুপার্কে (বালুর মাঠ) জনসভা শুরু হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। সবশেষ ১৯৯২ সালে নরসিংদী স্টেডিয়াম মাঠে জনসভা করেছিলেন খালেদা জিয়া।

বিএনপি প্রধানের আগমন উপলক্ষে রং-বেরঙের ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নরসিংদী শহর। নেত্রীকে স্বাগত জানাতে ঢাকা-সিলেট মহাসড়কের ২৫ কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে অন্তত পাঁচ হাজার তোরণ। মঞ্চ তৈরিসহ জনসভার মাঠ সাজানোর কাজ চলছে রাত-দিন। সেই সঙ্গে চলছে মাইকিং।

খালেদা জিয়ার নরসিংদীর জনসভার সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন, জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এখান থেকে নির্দলীয় সরকারের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করবেন খালেদা জিয়া।

নরসিংদীর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন   বলেন, “জনসভার প্রস্তুতি শেষ। আশা করি দেশবাসী একটি সফল জনসভা দেখবে।”

জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন খোকন।

ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, কাপাসিয়া, কালিগঞ্জ, ঘোড়াশাল, জামালপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আসবেন বলেও আশা করছেন জেলা বিএনপি নেতারা।

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে জনমত গঠন ও জোটকে সুসংগঠিত করতে দেড় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া নরসিংদী ছাড়াও সাতটি বিভাগীয় শহরে জনসভা করবেন।

নরসিংদীর পর আগামী ১৫ সেপ্টেম্বর রোববার রংপুর, ১৬ সেপ্টেম্বর সোমবার রাজশাহী, ২২ সেপ্টেম্বর রোববার খুলনা, ২৯ সেপ্টেম্বর রোববার বরিশাল এবং ৫ অক্টোবর শনিবার সিলেটে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া।

ঈদের পর বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় আরো দুটি জনসভা করবেন বিএনপি প্রধান।সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া।

www.bnplive.com এ জনসভার সরাসরি সম্প্রচার

বরাবরের মতো খালেদা জিয়ার নরসিংদীর জনসভা সরাসরি সম্প্রচা্র করা হবে। দেশি বিদেশি ইন্টারনেট ব্যবহারকারীরা www.bnplive.com এই  ঠিকানায় জনসভা চলাকালে তা সরাসরি  দেখতে পারবেন বলে  জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন