২৪ ঘণ্টার মধ্যে আবারও কথা পরিবর্তন করলেন এরশাদ। বুধবার সিলেটে বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি অংশ নিবে না এমন ঘোষণা দেয়ার পর ঢাকায় আজ এরশাদ বললেন,“ মানুষ পরিবর্তন চায়। আমরাই সে পরিবর্তন দেবো। নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নিবে।  জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে জনগণের আশা পূরণ করবো।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় ও জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি সিলেটে আরো বলেছিলেন,“ আওয়ামী লীগের বর্তমান নির্বাচন পদ্ধতিতে নির্বাচনে গেলে জাতীয় পার্টি দালাল হিসেবে পরিচিত হবে।”

তিনি আরো বলেন,“ আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন চাই। কিন্তু তারা এসব করতে চায় না। আমাদের দাবি মানা না হলে আমরা নির্বাচনে যাবো না।”

আজ সকালেই সিলেটে তিনি বলেছেন, “আমি মহাজোটে নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেন, “ জাতির সামনে ভবিষ্যৎ  অনিশ্চিত, অন্ধকার। আমরা জানি না, দেশে কি হতে যাচ্ছে। নির্বাচন হবে কি না জানি না। আমরা ভীত-সন্ত্রস্ত। সামনে বিশাল অন্ধকার। দেশ অতল গহ্বরে চলে যাচ্ছে। এগুলো ধীরে ধীরে সৃষ্টি করা হচ্ছে।”

তিনি বলেন, “ আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র হলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, সুশাসন প্রতিষ্ঠা। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে পাচ্ছি না। যেখানে যাবো সেখানেই দূর্নীতি। দূর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গেছে। এগুলো দেখে আপনাদের কি মনে হয়, এরশাদকে কি স্বৈরাচার বলা যায়।”

পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, “ গোটা জাতি আজ উদ্বিগ্ন। দেশে কী হতে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি। এ নিয়ে সারাদেশ অনিশ্চয়তায় । আমরা বলতে চাই, এরশাদই একমাত্র নতুন বাংলাদেশ ও নিশ্চয়তার সুযোগ দিতে পারে।”

এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নিবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর শিকদার লোটন বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ, মীর আব্দুস সবুর আসুদ, ফখরুল ইসলাম, সুনীল শুভরায়, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন