না, এটা অনন্ত জলিলের সাম্প্রতিক বিজ্ঞাপনের কোন কাল্পনিক গল্প নয়। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়া সাহসী এক নারীর জীবনের অভূতপূর্ব এক সত্যিকার গল্প।

৩৭ বছর বয়সী বার্বি থমাস বৈদ্যুতিক শকে মাত্র দুই বছর বয়সে তার হাত হারান। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শরীর গঠন প্রতিযোগিতায় লড়াই করে তিনি হয়ে গেলেন নামকরা শরীরবিদ।

২০০০ সাল থেকে শরীর গঠন প্রতিযোগিতায় লড়াই করছেন বার্বি। দুই সন্তানকে লালন পালনের পাশাপাশি প্রতিদিন তিনি শরীরচর্চার প্রশিক্ষণ নেন। এছাড়া সামনে হলিউডের ছবিতেও দেখা যাবে তাকে। শরীরবিদ হওয়ার পাশাপাশি বিভিন্ন সময় তিনি নাচ, ফুটবল এবং সাঁতার প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন।

কিভাবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি এসব কঠিন কঠিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জানতে চাইলে তিনি বলেন, একদিন আমাকে একজন বলেছিল তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কখনো কোন কিছুতে জিততে পারবে না। সেই কথা আমার মনে ক্ষোভের জন্ম দিয়েছিল যাকে আমি শক্তিতে পরিণত করেছি। কেউ কখনো আমাকে যদি বলে তুমি এটা করতে পারবে না সেটাই আমি করে দেখাই।

তিনি বলেন, আমার অক্ষমতা আমাকে কখনই দমাতে পারে না, আমার ইচ্ছা শক্তি ও পরিশ্রমের দ্বারা আমি সব প্রতিকূলতাকে জয় করি। শরীর চর্চার পাশাপাশি তিনি মডেলিংও করেন।

এরই মধ্যে হলিউডের বিভিন্ন ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। এছাড়া স্টিফেন স্পিলবার্গের একটি ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সে সময় তিনি গর্ভবতী থাকায় সে প্রস্তাব ফিরিয়ে দেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন