বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা
যুবদল বুধবার সকাল ১১টার দিকে শহরের এইচএসএস সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেপি বসু সড়কে জেলা বিএনপি কার্যালয় চত্ত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে যুবদল নেতাকর্মীরা।
জেলা যুবদলের আহবায়ক রওশন বিন কদরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী, যুবদল নেতা রোকনুজ্জামান, মাহফুজুর রহমান ইপিয়ার, ইমরান হায়দার রাজা, শহিদুল ইসলাম মিঠু, কামাল হোসেন প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা মসিউর রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না। নিজেদের দুর্নীতি, অপকর্ম ও দুঃশাসনের কারণে শেখ হাসিনা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের সময় যারা তারেক রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিলো, তাদের বিচার হবে। সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন