গ্রাম আদালত পরিচালনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জাহান মিয়া ‘মাগুরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পদক লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন-এর ‘অ্যাকটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প’ এ সম্মাননা প্রদান করে। গত ২১ সেপ্টেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোঃ শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি ও ইউএনডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মিজ পওলিন টেমেসিস। উল্লেখ্য, মোঃ শাহজাহান মিয়া সমাজসেবায় ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিতুমীর স্মৃতি স্বর্ণপদক, ‘কবি ফররুখ আহমদ সম্মাননা পদক’ ‘গুণীজন সম্মাননা পদক’, ‘ভাষা পদক’, ‘কবি জসীম উদ্দীন স্মৃতি পদক’ ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পদক’সহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ