জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারো রাজনৈতিক ঐকমত্যের উপর গুরুত্বারোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ ধরণের কথা বলা হয়। 
বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্যে আসা প্রয়োজন বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।" 
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের ঐকমত্যে পৌঁছানোর জন্য বার বার তাগাদা দিয়ে আসছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 
বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমেরিকা বারবার সুপারিশ করেছে, ঐকমত্যে উপনীত হয়ে কাজ করতে। ঐকমত্যে পৌঁছালে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।"  
বিবৃতিতে উল্লেখ করা হয়, "বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দলগুলোর ভেতর যে সমাধানই হোক না কেন, তা হতে হবে সমঝোতা ও শান্তিপূর্ণভাবে।"
এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ড্যাব্লিউ মজিনা বিভিন্ন সময় প্রধান দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছিলেন। 
গত ৪ সেপ্টেম্বর মজিনা বলেন, "এখনো বাংলাদেশে রাজনৈতিক দলের সংলাপ সম্ভাবনা ফুরিয়ে যায়নি। আশা করি অতীতের মতো দেশের রাজনৈতিক দলগুলো সংলাপে বসে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করবে। আমেরিকার সরকার সে প্রত্যাশা করে।" 
সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চিঠি পাঠিয়েছেন।
চিঠি পাঠানোর পর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আবারো সংলাপ ও রাজনৈতিক ঐকমত্যের কথা বলা হলো।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন