অক্টোবর থেকে থ্রিজি পরিষেবা চালু করতে যাচ্ছে গ্রামীণফোন। আর আগামী বছরের শুরুতেই এই পরিষেবা দিতে প্রস্তুতি নিচ্ছে রবি, বাংলালিংক ও এয়ারটেল।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চলতি সপ্তাহেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সূত্র মতে, সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে গ্রামীণফোন।

রোববার থ্রিজি নিলাম শেষে গ্রামীণফোনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রাহকদের থ্রিজি পরিষেবা দিতে গ্রামীণফোন আগে থেকেই প্রস্তুত ছিল। আশা করছি আগামী মাস থেকেই আমরা এ পরিষেবা চালু করতে পারবো। তবে সোমবার এ বিষয়ে অফিসিয়ালি জানানো হবে।

অপরদিকে আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে বাংলালিংক, রবি ও এয়ারটেল থ্রিজি সেবা চালু করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।

প্রসঙ্গত, থ্রিজি নিলামের ২১০০ মেগাহার্জ ব্যান্ডে নির্ধারিত ৫০ হাজার তরঙ্গের মধ্যে দুটি স্পেক্ট্রামে অংশ নেয় গ্রামীণফোন। নিলাম বিজয়ী হিসেবে প্রতি মেগাহার্জ ২১ মিলিয়ন ডলার মূল্যে লাভ করে ১০ মেগাহার্জ তরঙ্গ। নিলামে গ্রামীণফোন থ্রিজি তরঙ্গের ৪ ও ৫ নম্বর ব্লক বরাদ্দ পায়।

অপরদিকে নিলামের দ্বিতীয় ধাপে অংশ নিয়ে একই মূল্যে ৫ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পায় রবি, বাংলালিংক ও এয়ারটেল। এর মধ্যে এয়ারটেল ৬, রবি ৭ এবং বাংলালিংক বরাদ্দ পেয়েছে থ্রিজি তরঙ্গের ৮ নম্বর ব্লক।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন