‘হৃদয়ে বাঙলা নাটক’ স্লোগান বুকে ধারণ করে যশোরে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৬ দিনব্যাপী এ উৎসবে ভারতীয় প্রখ্যাত চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীসহ দেশের খ্যাতনামারা
অভিনয়শৈলী প্রদর্শন করবেন। বিবর্তন যশোর, তির্যক চট্টগ্রাম ও দৃষ্টিপাত ঢাকা যৌথভাবে এ নাট্যোৎসবের আয়োজন করেছে। উৎসবে আয়োজকরা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতনামা নাট্যদল ‘ষড়ভূজ’ ও ‘প্রাচ্য কোলকাতা’র স্বনামধন্য নাট্যশিল্পীরা তাদের স্ব-স্ব প্রযোজনা উপস্থাপন করবেন। নাট্যোৎসব উদ্বোধন করবেন যশোর সদর আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটো। শুক্রবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ নাট্যোৎসবের যুগ্ম আহ্বায়ক ও বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু এসব তথ্য জানান।
তিনি আরও জানান, উদ্বোধনী দিনে বিবর্তন যশোর মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও দেবাশীষ ভট্টাচার্য্যরে নির্দেশনায় ‘বিসর্জন’ নাটক। এতে অভিনয় করবেন সানোয়ার আলম খান দুলু, আমেনা খাতুন, জাহিদুল ইসলাম যাদু, শেখ জাহিদ, তানজিলা আক্তার জিনি প্রমুখ। পরদিন তির্যক চট্টগ্রাম মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় ‘রক্ত করবী’। এতে অভিনয় করবেন শায়লা শারমিন, অমিত চক্রবর্তী, রিপন বড়–য়া, বিভোর দাশ অপূর্ব প্রমুখ।
২৪ সেপ্টেম্বর ভারতের ‘ষড়ভূজ’ মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও তরুণ প্রধানের নির্দেশনায় ‘ডাকঘর’ নাটক। এ নাটকে অভিনয় করবেন খ্যাতনামা অভিনেতা তরুণ প্রধান, সৌরভ দত্ত, মৌলী রায় প্রমুখ। ২৫ সেপ্টেম্বর দৃষ্টিপাত, ঢাকা মঞ্চস্থ করবে সফোক্লিসের রচনা আর ড. খন্দকার তাজমি নুরের রূপান্তর ও নির্দেশনায় নাটক ‘রাজা হিমাদ্রী’। এতে অভিনয় করবেন তাজমি নুর, আজিজ, বকুল, বর্ষা প্রমুখ। ২৬ সেপ্টেম্বর প্রাচ্য কোলকাতা শেক্সপিয়রের রচনা আর বিপ্লব বন্দোপাধ্যায়ের নির্দেশনায় ‘রোমিও জুলি’ এবং ২৭ সেপ্টম্বর ব্রাত্য বসু’র রচনা ও বিপ্লব বন্দোপাধ্যায়ের নির্দেশনায় ‘সুপারি কিলার’ নাটক মঞ্চস্থ করবে। নাটক দু’টিতে অভিনয় করবেন নাট্যমঞ্চের উজ্জ্বল নক্ষত্র বিপ্লব বন্দোপাধ্যায়, পৌলমী বসু, সুপ্রিয়া দত্ত, অসীম রায় চৌধুরী প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাটক শুরু হবে। যার প্রবেশ মূল্য ১শ’ ও ৫০ টাকা।
সানোয়ার আলম খান দুলু আরও জানান, থিয়েটার কখনোই সীমানা দিয়ে আবদ্ধ ছিল না। দুই বাংলায় যারা থিয়েটার চর্চার সাথে জড়িয়ে তাদের মধ্যে রয়েছে এক নিবিড় আত্মিক বন্ধন। সকল সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আত্মার টানে আমরা একত্রিত হতে চায়। দুই দেশে আয়োজিত বিভিন্ন নাট্যোৎসব এই বন্ধনকে আরও দৃঢ় করছে। ফলে সুযোগ সৃষ্টি করে নাট্য ভাবনার আদান-প্রদান। তিনি এ উৎসব সফল করতে সংস্কৃতিপ্রেমী যশোরবাসীর প্রতি বিনীত আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আমেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক এইচ আর তুহিন, নওরোজ আলম খান চপল, জাহিদুল ইসলাম জাদু, ভগীরত পাল, এমএ মুহিত তমাল প্রমুখ।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন