নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূরমোহাম্মদ শেখের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জন্মস্থান নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে প্রতিষ্ঠিত
নূর মোহাম্মদ স্মৃতি কমপ্লেক্সে মহান এ বীরের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী, বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ কলেজের অধ্যক্ষ রওশন আলী, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়েল শিক্ষক ইমরান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্টের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত: বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে পিতা মো. আমানত শেখ ও মাতা মোসা. জেন্নাতা খানমের ঘরে জন্মগ্রহণ করেন।
স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় তার শিক্ষা জীবনের অবসান ঘটিয়ে ১৯৫৯ সালের ১৪ মার্চ নূর মোহাম্মদ তৎকালীন ইষ্ট পাকিস্থান রেজিমেন্টে (ইপিআর) যোগ দেন।
১৯৭১ এর ৫ সেপ্টেম্বর নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন।
মহান এ বীরের জন্মস্থান মহিষখোলা গ্রামের  নাম পরিবর্তন করে করা হয় ‘নূর মোহাম্মদ নগর। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় ৭৩ লাখ টাকা ব্যায়ে নূর মোহাম্মদ শেখ  গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর নির্মাণ করা হয় এবং জন্মভিটায় ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়।
এছাড়া বীরশ্রেষ্ঠের নামে একটি স্কুল এবং ২০০৫ সালে একটি কলেজ স্থাপন করা হয়।  তবে কলেজটি এখনও এমপিওভূক্ত হয়নি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন