প্রেম প্রস্তাব দেয়া সংক্রান্ত গোলযোগে এক ব্যবসায়ী যুবক ও কয়েক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় যশোর ষষ্ঠীতলাপাড়ার ম্যানসেল ও তরিকুল গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে ওই এলাকায় সিভিল টিমসহ কয়েকটি চৌকস পুলিশ টিম অবস্থান করছে।
সূত্র জানিয়েছে, সার্কিট হাউজ পাড়ার মুছা মাহমুদের ছেলে  যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের দ্বিতীয় বষের্র ছাত্র রুদ্র আহমেদ সেফায়েতের মাধ্যমে এক ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয়ার চেষ্টা করে ম্যানসেলের সহযোগী শরিফুল ইসলাম। শরিফুলের পক্ষে ওই মেয়েকে প্রেম প্রস্তাব না দেয়ায় ২২ সেপ্টেম্বর দুপুরে কলেজ মাঠে রুদ্রকে মারপিট করে। পরে বিকেলে মীমাংসার জন্য লোক মাধ্যমে রুদ্রকে এম এম কলেজে ডেকে নিয়ে যায়। আর কলেজে গেলেই ম্যানসেল, শরিফুল,  বনি, ডলার, শাহিন, সোহাগসহ আরও কয়েকজন রুদ্র ও তার কয়েক বন্ধুকে ধাওয়া করে। এ সময় তারা দৌড়ে রেল স্টেশন বাজারে পৌঁছুলে সেখানে ম্যানসেল গং তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করে। এলোপাতাড়ি কোপানোর সময় গুরুতর জখম হয় কলেজছাত্র রুদ্র আহমেদ সেফায়েত, পাশের মুরগি ব্যবসায়ী নান্নু মিয়ার ছেলে রনি, রুদ্রর বন্ধু রাজ্জাক কলেজের ছাত্র মামুন ও আশা। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ওই গোলযোগে রেল বাজারের মুরগি ব্যবসায়ী রনি জখম হওয়ায় বিষয়টি বড় আকার ধারণ করে। রনি ষষ্ঠীতলা পাড়ার তরিকুল-মরা গ্রুপে চলাফেরা করায় তরিকুল-মরা গ্রুপ পাল্টা হামলা করার জন্য লোকজন নিয়ে রেল বাজারের দিকে রওনা হয়। এদিকে হামলা প্রতিরোধ করার জন্য ম্যানসেল গ্রুপ আরও লোকজন নিয়ে মহড়া শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় আতংক বিরাজ করতে থাকে। উভয় পক্ষ সাংঘর্ষিক অবস্থানে মুখোমুখি হওয়ায় থানার অফিসার ইন্চার্জ এমদাদুল হক শেখসহ পুলিশের কয়েকটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ম্যানসেল ও তরিকুল গংকে খুঁজছিল। এলাকায় পুলিশি টহল বাড়ানোয় দুর্বৃত্তরা গা ঢাকা দিলেও উত্তেজনা কমেনি। স্থানীয়রা বলছেন, যেকোন সময় আবার মহড়া বা হামলা হতে পারে। এখানে সার্বক্ষণিক পুলিশ টহল চান এলাকাবাসী।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ ও সিভিল টিমের এসআই সাব্বিরুল আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসলেও ম্যানসেল ও তরিকুল গং আবারও সংঘর্ষে লিপ্ত হতে পারে। তাই তাদের আটকের চেষ্টা চলছে। এছাড়া কলেজছাত্র ও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনায় মামলা নেয়া হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন