এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে কেশবপুরের বিদ্যানন্দকাটি ও সাগরদাঁড়ি ইউনিয়নের পানিবন্দি মানুষ কপোতাক্ষ নদের তীরে বগা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে দ্রুত কপোতাক্ষ নদ খনন, এলাকার জলাবদ্ধতা নিরসনসহ নদ অববাহিকার মানুষের পানিবন্দি অবস্থা থেকে মুক্তির দাবি করা হয়েছে।
মাষ্টার মোসলেম উদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আবুবকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, অসিম দাস, নূরুল ইসলাম সাকী, ইদ্রিস আলী প্রমুখ। সমাবেশে ইকবাল কবির জাহিদ বলেন, যশোরের কেশবপুর ও মণিরামপুর এবং সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলাবাসির জন্য কপোতাক্ষ নদ এখন মরণের ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তালা উপজেলার পাঁখিমারা বিলের সাথে কপোতাক্ষ নদের আর কোন সংযোগ না থাকায় নদের তীরবর্তী অঞ্চলের মানুষের মাঝে নেমে এসেছে সিমাহীন দূর্ভোগ। কপোতাক্ষ নদের তীরবর্তী মানুষ এখন হুমকীর মুখে। তিনি কপোতাক্ষ নদ সংস্কারের জন্য সরকারের বরাদ্দকৃত ২৬১ কোটি টাকা সুষ্ঠভাবে বাস্তবায়নের দাবি জানান।
সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের পানিতে কেশবপুরের সাগরদাঁড়ি ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বক্তরা দ্রুত কপোতাক্ষ নদ খননসহ এলাকার জলাবদ্ধতা নিরসন করে মানুষের বসবাসের উপযোগি করার দাবি জানান।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ