ম্যাচে না থেকেও বাংলাদেশ যেন লড়াইয়ে ছিল। সে লড়াইয়ে জিম্বাবুয়ে জিতে যাওয়ায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক ২৪ রানের জয়ের ফলে টেস্ট র‌্যাংকিংয়ে ফিরেই জিম্বাবুয়ে টপকে গেছে বাংলাদেশকে।
২০০৭ সালের পর আবারও টেস্ট র‌্যাংকিংফিরে পেল তারা। এবার ফিরেই ২৪ রেটিং পয়েন্টে এগিয়ে বাংলাদেশকে টপকে নয় নম্বরে চলে গেল ব্রেন্ডন টেলর বাহিনী। ফলে সবার শেষে দশ নম্বরে এখন বাংলাদেশ। সমতায় থেকে সিরিজ শেষ করায় চার থেকে ছয়ে নেমে গেছে পাকিস্তান।
পাঁচটি রেটিং পয়েন্ট খুঁইয়ে গত মাসে পাওয়া স্থানটি হারাল তারা। অ্যাশেজে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারালে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। এবার অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে জায়গা করে দিয়ে নেমে গেল মিসবাহ উল হকের দল।
র‌্যাংকিংয়ের বাইরে থেকে সিরিজ শুরু করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। ২০০৬ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নেয়া দলটি ২০১১ সালের আগস্টে বাংলাদেশের সঙ্গে সিরিজ দিয়ে টেস্টে ফিরেছিল। কিন্তু আটটি ম্যাচ না খেলায় র‌্যাংকিংয়ে জায়গা হচ্ছিল না তাদের।
পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ হবে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৪ অক্টোবর আবুধাবিতে হবে দুই ম্যাচের এই সিরিজ।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন