আগামী
২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে যেকোনো সময় সাধারণ নির্বাচন হবে বলে
জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার
বিকেলে নবম সংসদের ১৯তম তথা শেষ অধিবেশনে স্পিকার বলেন, বর্তমান সংবিধান
অনুযায়ী আগামী বছরের ২৫ জানুয়ারি বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে।
আর মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে
সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে যেকোনো সময় সাধারণ নির্বাচন হবে।
স্পিকার
বলেন,সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের
সংসদ সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।
স্পিকার বলেন,এ অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল পাস হবে। সরকার ও বিরোধী
দল সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে তিনি আশা
প্রকাশ করেন। স্পিকার বলেন,জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য নিরসনে
সরকারি ও বিরোধী দল পদক্ষেপ নেবে বলে জাতি প্রত্যাশা করে।
স্বাগত
ভাষণের পর স্পিকার চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। এরপর
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ কয়েকটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন।
এরপর গত
২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য গোলাম সবুর
টুলুর মৃত্যুতে শোক জানিয়ে অধিবেশন আগামী রোববার বিকেল পাঁচটা পর্যন্ত
মুলতবি করা হয়। সংবিধান অনুযায়ী দুটি অধিবেশনের মাঝখানে কোনো সংসদ সদস্যের
মৃত্যু হলে তার সম্মানে অধিবেশনের উদ্বোধনী দিনে শোক প্রস্তাব আনা ছাড়া
অন্য সব কার্যক্রম স্থগিত রাখা হয়।
এর আগে
গোলাম সবুরের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ নেতা ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল
আহমেদ,আমির হোসেন আমু,জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ,জাতীয় পার্টির সংসদ
সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার,আওয়ামী লীগের সংসদ সদস্য শাহরিয়ার আলম
বক্তব্য দেন।
বিরোধীদলীয়
সংসদ সদস্যদের উপস্থিতি ছাড়াই বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শুরু হয় নবম
সংসদের ১৯তম অধিবেশন। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত
হয়,আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ অধিবেশন চলবে। অধিবেশন প্রতিদিন বিকেল
পাঁচটায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সাধারণ আলোচনা হবে। ঈদুল আজহা,
দুর্গাপূজা ও অন্যান্য প্রয়োজনে অধিবেশন মুলতবি রাখার বিষয়ে স্পিকার
সিদ্ধান্ত দেবেন।
আগামী
নির্বাচন কোন পদ্ধতির সরকারের অধীনে হবে,তা নিয়ে সরকারি ও বিরোধী দল যখন
মুখোমুখি,যখন রাজনৈতিক সংকট নিরসনে দেশি-বিদেশী বিভিন্ন পক্ষ থেকে সংলাপের
তাগিদ দেয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে শুরু হলো সংসদের এ অধিবেশন। ফলে
রাজনৈতিক পর্যবেক্ষকরা এ অধিবেশনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে
বিরোধী দল এ অধিবেশনে যোগ দেবে কি না,সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ