
যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফলাফলে ৮৭টি পত্রে ৮৩ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ১৭ জন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
২০১৩ সালে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে যশোর বোর্ডের ৮ হাজার ৮শ’ ৪২ শিক্ষার্থী তাদের ২৯ হাজার ৪শ’ ৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। মঙ্গলবার রাতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ জানান, পরীক্ষকদের ভুলের কারণে কিছু ফলাফল পাল্টে গিয়েছিল। সেইসব খাতা পুনর্মূল্যায়নে দেখা গেছে পরীক্ষকরা মোট নম্বর যোগ, নম্বর না দেওয়াসহ বেশ কিছু ভুল করেছেন। এতে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি আরও জানান, খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য নম্বর পেয়েছে। তবে, যেসব শিক্ষকরা এমন ভুল করেছেন তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ আরও জানান, গত ৩ আগস্ট ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট ৮ হাজার ৮শ’ ৪২ শিক্ষার্থী তাদের ২৯ হাজার ৪শ’ ৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনর্মূল্যায়ন করে ৮৩ জন শিক্ষার্থীর ৮৭টি খাতার ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ১৭ জন অনুত্তীর্ণ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়াও ৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হলেও অন্য বিষয়ে ফেল থাকায় তারা উত্তীর্ণ হতে পারেননি।
যশোর শিক্ষা বোর্ডে ওয়েবসাইট www.jessoreboard.gov.bd থেকে এ পুনর্মূল্যায়নের ফলাফল জানা যাবে। এছাড়াও শিক্ষার্থীরা টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ