রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় একতরফা মার্কিন হামলা হলে বিশ্ব ব্যবস্থা পাল্টে যাবে। একইসঙ্গে পুতিন মার্কিন জনগণ ও সেদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সতর্ক করে বলেন, সিরিয়ায় হামলা সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘আমেরিকার প্রতি পুতিনের চিঠি’তে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুতিন।
সুইজার‍ল্যান্ডের জেনেভা শহরে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর নিয়ে যখন দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তার আগ মুহূর্তে প্রেসিডেন্ট পুতিনের এ চিঠি প্রকাশিত হলো।
মার্কিন ভোটার ও নীতি-নির্ধারকদের উদ্দেশ্য করে তিনি এ চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে। ওই নিবন্ধে পুতিন বলেন, “জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ার বিরুদ্ধে একতরফা হামলা চালালে বিশ্ব সংস্থার বিশ্বাসযোগ্যতা ধ্বংস হবে।” 
পুতিন লিখেছেন, ‘হামলা সহিংসতা বাড়াবে। সন্ত্রাসবাদের নতুন ঢেউ ছড়িয়ে দেবে। এই হামলা ইরানের পারমাণবিক সংকট, ফিলিস্তিন-ইসরাইল সংঘাত সমাধানের প্রচেষ্টা ব্যাহত করবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে অস্থিতিশীল করবে। আন্তর্জাতিক আইন-কানুনে পুরো ব্যবস্থাকে ভারসাম্যহীন করে তুলবে।’
পুতিন দাবি করেন, সিরিয়ার সরকার নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষায় কাজ করছে রাশিয়া।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রস্তাবে আমেরিকা রাজি হওয়ায় মার্কিন প্রশাসনকে স্বাগত জানিয়েছেন পুতিন। তবে একইসঙ্গে তিনি ওবামার তীব্র সমালোচনা করেছেন। সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেয়ায় তিনি এ সমালোচনা করেন।
সূত্র: স্কাই নিউজ
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন