সরকার চাইলে বিরোধী দল সংলাপে রাজি বলে বৃটিশ এমপি রুশনারা আলীকে জানিয়েছেন বিরোধী নেত্রী খালেদা জিয়া। সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দ্রুত সংলাপের মাধ্যমে সৃষ্ট সঙ্কট সমাধানের তাগিদ দিয়েছেন সফররত বৃটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী।
বৈঠক শেষে তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন। সিলেটে জন্মগ্রহণ করা এই বৃটিশ এমপি বলেন, বৃটিশ সরকার চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। এছাড়া অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি। এর জন্য রাজনৈতিকদলগুলো দ্রুত সংলাপে বসে সৃষ্ট সঙ্কটের সমাধান বের করার পরামর্শ দেন তিনি। দেশের তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃটিশ লেবার পার্টির এই এমপি বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার পুনরাবৃত্তি যেন না ঘটে তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৃটিশ সংসদীয় দল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছে। বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। এ বিষয়ে বিএনপির অবস্থান তাদের কাছে তুলে ধরা  হয়েছে। তিনি বলেন, আমরা সংলাপের জন্য রাজি আছি। তবে সরকারকে উদ্যোগ নিতে হবে।
শমসের মবিন চৌধুরী দাবি করেন, সংলাপের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সরকার এখনও সেই পরিবেশ সৃষ্টি করতে পারেনি। আজ পরিবেশ সৃষ্টি হলে কালই আমরা সংলাপে বসতে পারি। যুক্তরাজ্যের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুশনারা আলী। প্রতিনিধি দলের এনি মেইন, নিক ডি বইস, সাইমন ডাংজাক, জোনাথন রিওনল্ডস, শাবানা মাহামুদ ছাড়াও ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে খালেদা জিয়া ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন