যশোর শহরের প্রাণ কেন্দ্র দাড়াটানায় দিনেদুপুরে ছিনতাই হয়েছে। তিনজন ছিনতাইকারী চাকুর ভয় দেখিয়ে যশোর
নতুন খয়েরতলাস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল আহমেদ সাব্বিরের কাছ থেকে নগদ ২ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সাব্বির কুষ্টিয়ার খোকসা উপজেলার খোবসা গ্রামের আব্দুস ছামাদের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এজাহারে সোহেল আহমেদ সাব্বির উল্লেখ করেছেন, শিপন (২৫) নামে এক যুবক প্রায় তার অফিসে যেতো। আম বাগান করবে বলে আলাপ আলোচনা করতো। শহরের মণিহার এলাকায় তার বাড়ি। গত বৃহস্পতিবার দুপুরে ইসলামী ব্যাংক যশোর চৌরাস্তা শাখায় গিয়ে নিজের একাউন্ট থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা উঠান। ওই টাকা একটি সাইডব্যাগে করে রিকসাযোগে অফিসে নিয়ে যাচ্ছিলেন। বেলা সোয়া ১টার দিকে দড়াটানা ট্রাফিক আইল্যান্ডের ৫০ গজ দূরে পৌছালে শিপনসহ তিন যুবক ধারালো ছুরি ঠেকিয়ে ব্যাগ কেড়ে নিয়ে দৌড় দেয়। ধরার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ চুরি মামলা হিসেবে অভিযোগটি রেকর্ড করে। পুলিশ জানিয়েছে, দিনেদুপুরে এমন ঘটনা ঘটবে শ’ শ’ লোকের মাঝে তা বিশ্বাসযোগ্য নয়। তবে অভিযোগ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।