বগুড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্রের মধ্যে
একটি করে সাব-মেশিন গান(এসএমজি), লাইট মেশিন গান (এলএমজি), পিস্তল ৮০ রাউ- গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এছাড়াও আটটি
ধারালো চাকু, তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা ও ২৯টি রড উদ্ধার হয়েছে। সেই সঙ্গে পাওয়া গেছে চার বস্তা জিহাদী বই ও বেশ কয়েকটি ডায়েরি। জিহাদী বই ও ডায়েরির উদ্ধার হওয়ায় ধারণা করা হচ্ছে তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য।
র‌্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের ঠনঠনিয়া জবানি স্কুল লেনের একটি বাড়িতে অভিযান চালানো হয়। দেওয়ান ভিলা নামে তিন কক্ষের ওই বাড়িতে অভিযানকালে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখানে অবস্থানরত তিনজনকে গ্রেপ্তার করা গেলেও একটি জানালার গ্রিল ভেঙ্গে আরও অন্ততঃ ১৮জন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, স্থানীয় ব্যবসায়ী দুলালের ওই বাসাটি সম্প্রতি ওই যুবকরা ভাড়া দেয়। ইতিপূর্বে সেই বাসায় একটি পরিবার ভাড়া থাকতো। তবে গতমাসে তারা চলে যায়। এরপর সেখানে ২০ থেকে ২৫ বছর বয়সী ওই যুবকরা ওঠে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ঠনঠনিয়া এলাকার জবানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে ২১জন জঙ্গী বৈঠক করছিল। র‌্যাবকে দেখে জঙ্গীরা জানালা ভেঙ্গে পালিয়ে গেলেও তিন জঙ্গীকে আটক করা হয়। এ সময় একটি বস্তার মধ্যে একটি এলএমজি, একটি এসএমজি(স্নাইপার), পিস্তল গুলি এবং চাইনিজ কুড়াল, রামদা সহ দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।
এদিকে পালিয়ে যাওয়া ১৮ জঙ্গীকে ধরতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে।

তবে গ্রেপ্তারকৃতরা কোন সংগঠনের সদস্য তা র‌্যাব নিশ্চিত করতে পারেনি।
 
র‌্যাব-১২, বগুড়া স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মো. মিরান হোসেন তিনজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা কোন সংগঠনের তা নিশ্চিত করে বলতে পারেনি।