ঐশী রহমানকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর পর তার বয়স নিয়ে প্রশ্ন ওঠে। ‘অপ্রাপ্তবয়স্ক’
ঐশীকে রিমান্ডে নেয়ার সমালোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও।
এই সমালোচনার মধ্যে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কাছে ঐশীর বয়স পরীক্ষার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
হাকিম তানবীর আহমেদ ওই আবেদন মঞ্জুর করায় বুধবার ঐশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় গোয়েন্দা পুলিশ, যাদের হেফাজতে এখন রয়েছে এই কিশোরী।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স ওই বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছর হয়নি।
তবে ঐশী গত শনিবার পল্টন থানায় আত্মসমর্পণের সময় নিজের বয়স ১৮ বছর বলেছিল বলে জানান ওই থানার এসআই শফিউল্লাহ প্রধান।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ  বলেন, “বয়স পরীক্ষার জন্য দুপুরে ঐশীকে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।”
প্রায় এক ঘণ্টাব্যাপী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘দ্রুত’ এ ফলাফল জানা যাবে।
ঐশীর বাবা পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান এবং মা স্বপ্না বেগমের লাশের ময়না তদন্তও করেছিলেন ডা. সোহেল।
সাম্প্রতিক সংবাদ সমূহ