কঙ্গনা রানাউত ও তাঁর বোন রাঙ্গোলি
কঙ্গনা
রানাউত অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালের
এপ্রিলে। প্রথম ছবি দিয়েই রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান কঙ্গনা। একই
বছরের অক্টোবরে এসিড সন্ত্রাসের শিকার হন কঙ্গনার বড় বোন রাঙ্গোলি। সে
ঘটনাকে নিয়ে সম্প্রতি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করায় রাম গোপাল ভার্মাকে
মামলার হুমকি দিয়েছেন রাঙ্গোলি। ২০০৬ সালে ভারতের উত্তরাখণ্ড রাষ্ট্রের ডুনভ্যালিতে অবস্থিত নিজ বাসায় হামলাকারী দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে যায় রাঙ্গোলির মুখ ও শরীরের কিছু অংশ। সেদিন আরও আহত হয়েছিলেন রাঙ্গোলির বান্ধবী বিজয়া। সে ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন রাম গোপাল ভার্মা—এটা জানার পর অত্যন্ত চটে যান রাঙ্গোলি এবং ভার্মাকে মামলার হুমকি দেন। সম্প্রতি এক খবরে এমন চমকপ্রদ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ প্রসঙ্গে রাঙ্গোলির ভাষ্য, ‘আমার ওপর এসিড আক্রমণ নিয়ে কখনোই রাম গোপাল ভার্মার সঙ্গে আলোচনা করেনি কঙ্গনা। আমার জীবনের ঘটনা নিয়ে কেউ ছবি বানাচ্ছে, অথচ আমি কিংবা আমরা কেউই তা জানি না। আমাদের অনুমতি না নিয়ে কেউ যদি সত্যিই এমন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে, তবে অবশ্যই আইনি ব্যবস্থা নেব আমরা।’
এদিকে আত্মপক্ষ সমর্থন করে রাম গোপাল ভার্মা বলেন, ‘আমি এই ছবি তৈরির সঙ্গে জড়িত নই। এসিড সন্ত্রাসের ওপর ভিত্তি করে পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে ছবি তৈরির কাজ হাতে নিয়েছে আমার সহকারী কিশোর ভার্গভ। ছবিটিতে এসিড সন্ত্রাসের শিকার একজন তরুণীর চরিত্রে অভিনয় করবে প্রিয়াংকা কুঠারি।’