ফুটবল বিশ্বে মেসি-রোনালদো দ্বৈরথ খুবই আলোচিত একটা বিষয়। স্প্যানিশ লিগে তাঁরা খেলেনও চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে। মেসি, নাকি রোনালদো—এ সময়ের সেরা ফুটবলার কে? এই প্রশ্নে প্রায়ই ঝড় ওঠে ফুটবল অঙ্গনে। আর এবার বিস্ময়করভাবে মাঠের এই দ্বৈরথ যেন চলে এসেছে ব্যক্তিগত পর্যায়ে। গতকাল বার্সেলোনার একটি হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে মেসির প্রথম পুত্রসন্তান। এর আগে ২০১০ সালের জুন মাসে পিতা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময়ের সেরা দুই ফুটবলারের পুত্রদের বয়সের ব্যবধান ৮৬৯ দিন। মেসি ও রোনালদোর বয়সের ব্যবধানও ঠিক ৮৬৯ দিন। কাকতালীয় ব্যাপার হলেও, অনেকেই মনে করছেন, এটা যেন মেসি-রোনালদো দ্বৈরথ আরও লম্বা সময় ধরে চলার ইঙ্গিত। তাহলে কি পরবর্তী প্রজন্মে পুত্রদের মাধ্যমেও শ্রেষ্ঠত্বের লড়াই জারি রাখবেন তাঁরা?
বার্সেলোনার ন্যু ক্যাম্প স্টেডিয়ামের ৭০০ মিটার দূরের ডেক্সাস হাসপাতালে জন্ম নিয়েছে মেসির প্রথম সন্তান। পুত্রসন্তানের জনক হওয়ার পর ফেসবুকে মেসি লিখেছেন, ‘আজ আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আমার পুত্রসন্তানের জন্ম হয়েছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ চমত্কার এই উপহারের জন্য। আমাকে সমর্থন দেওয়ার জন্য আমার পরিবারকেও ধন্যবাদ। সবাইকে অনেক শুভেচ্ছা।’ মেসি দম্পতি তাদের পুত্রসন্তানের নাম রেখেছেন থিয়াগো।
এর আগে, ২০১০ সালের ১৭ জুন, জন্ম নিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পুত্রসন্তান। দুই তারকার এই দুই পুত্রের বয়সের ব্যবধান ৮৬৯ দিন। রোনালদোও মেসির ঠিক ৮৬৯ দিন আগে চোখ খুলেছিলেন পৃথিবীতে। এখন নিজ নিজ পিতার পদাঙ্ক অনুসরণ করে থিয়াগো মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রও যদি ফুটবলের জগতে পা রাখে, তাহলে হয়তো ক্রীড়াবিশ্ব আরও একটা প্রজন্ম উপভোগ করতে পারবে মেসি-রোনালদোর এই দ্বৈরথ।