গাজীপুরে চারটি এবং সাভারের দুটি গার্মেন্টে গতকাল বিক্ষোভ, কর্মবিরতি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। নতুন স্কেলেবোনাস, ঈদের ছুটি বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে এসব করেছে শ্রমিকরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো
খবর :
গাজীপুর : উত্পাদন মজুরি কম দেয়ায় ও নতুন স্কেল অনুযায়ী ঈদ বোনাস দেয়াসহ নানা দাবিতে গতকাল গাজীপুরের ৪টি গার্মেন্টের শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে।
পুলিশ ও গার্মেন্ট কর্মীরা জানান, গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকার রোজ সোয়েটার ফ্যাক্টরির ২নং ইউনিটের শ্রমিকদের অক্টোবর মাসের বেতন-ভাতা বুধবার পরিশোধ করা হয়। কিন্তু উত্পাদন মজুরি কম দেয়ার অভিযোগে শ্রমিকরা গতকাল সকালে ফ্যাক্টরিতে এসে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ এতে সাড়া না দেয়ায় উত্তেজিত শ্রমিকরা ফ্যাক্টরিতে হামলা চালিয়ে দরজা-জানালাসহ ভবনের কাচ ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তারা ২টি কভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারও ভাংচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের মধ্যস্থতায় ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিক অসন্তোষের কারণে দুপুরের পর থেকে বৃহস্পতিবারের জন্য ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের হামলায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ জানায়।
প্রায় একই দাবিতে গাজীপুর সদরের কোনাবাড়ির শ্যানন সোয়েটার ফ্যাক্টরির নিটিং অপারেটররা সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকরা ফ্যাক্টরিতে ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শনিবার শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, একই উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের প্যান্ডোরা গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা নতুন স্কেল অনুযায়ী ঈদ বোনাস ও ঈদের ছুটিকালীন সময়ের ভাতা দেয়ার দাবিতে গতকাল সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। দাবি মেনে না নেয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরির বিভিন্ন মালামাল ভাংচুর করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে বেতঝুড়ি এলাকায় ডিগনিটি গার্মেন্ট ফ্যাক্টরি বিক্রি করে শ্রমিক ছাঁটাইয়ের খবরে শ্রমিকরা পাওনাদির দাবিতে বিক্ষোভ করেছে। শ্রমিকরা জানায়, কারখানা অন্যত্র বিক্রি করে শিপমেন্টের নামে কর্তৃপক্ষ কৌশলে গত এক মাস ধরে মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছিল। এরই মধ্যে কারখানার প্রিন্টিং ও ডাইং শাখা বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় তারা শ্রমআইন অনুযায়ী তিন মাসের আগাম বেতন-ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবি জানিয়েছে। এ ব্যাপারে কারখানার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান জানান, কারখানা বিক্রির কথা সত্য নয়। কারখানার প্রয়োজনে যাদের ছাঁটাই করা দরকার তাদের নিয়মানুযায়ী ছাঁটাই করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার জন্য বিকালে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাভার : সাভারে গতকাল দুটি গার্মেন্টে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। জামগড়ার বাঁশবাড়ির মদিনা অ্যাপারেলস ও শিমুলতলীর ওপেক্স গার্মেন্ট কারখানায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন বেতন কাঠামো চলতি মাস থেকে বাস্তবায়ন, ঈদুল আজহার ছুটি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ কয়েকটি দাবি তুলে মদিনা অ্যাপারেলসের ১৩শ’ শ্রমিক বিক্ষোভ করে সড়কে ওঠার চেষ্টা করে। শ্রমিকরা কাজ ছেড়ে তাদের দাবিতে অনড় থাকে। খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় এবং কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি চলে যায়। প্রায় একই দাবিতে ওপেক্স গার্মেন্টের ৯শ’ শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ করে।